মেয়ের অসহ্য যন্ত্রণা, চিকিৎসকের অস্ত্রোপচারের পরামর্শ—কিন্তু চিকিৎসার খরচ জোগাড়ের সামর্থ্য ছিল না অসহায় বাবা-মায়ের। মেয়েকে সুস্থ করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি আশানুরূপ সহযোগিতা। একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তাঁরা। এমন পরিস্থিতিতে এক মায়ের আকুতি পৌঁছায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের কাছে। তাঁর মানবিক উদ্যোগে স্থানীয় ক্লিনিক কর্তৃপক্ষের সহযোগিতায় বিনা খরচে গলার টনসিলের অস্ত্রোপচার হয়েছে ১৫ বছর বয়সী শিক্ষার্থী জান্নাতুল আক্তারের।
জান্নাতুল আক্তার মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল (সিনিয়র) মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা ধরা পড়ে। শুরুতে সমস্যা সহনীয় পর্যায়ে থাকলেও গত পাঁচ-ছয় মাসে তা তীব্র আকার ধারণ করে। অসহ্য যন্ত্রণায় তার স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা ব্যাহত হতে থাকে। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
কিন্তু অস্ত্রোপচারের খরচ জোগাড় করাই হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা। জান্নাতুলের বাবা ঢাকায় একটি রডের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর সামান্য আয়ে পাঁচ সদস্যের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এর মধ্যে মেয়ের চিকিৎসার বাড়তি ব্যয় বহন করা ছিল প্রায় অসম্ভব। একদিকে সন্তানের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে অর্থের অভাব—দুইয়ের চাপে দিশেহারা হয়ে পড়েন বাবা-মা।
মেয়েকে সুস্থ করার আশায় বিভিন্ন জায়গায় সহযোগিতা চেয়ে ঘুরতে থাকেন জান্নাতুলের মা। কিন্তু কোথাও আশানুরূপ সাড়া না পেয়ে একসময় হতাশ হয়ে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের কাছে মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা চান।
অসহায় মায়ের আকুতি ও পরিবারের আর্থিক সংকটের কথা মনোযোগ দিয়ে শোনেন ইউএনও। বিষয়টি জানার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন তিনি। বিলম্ব না করে যোগাযোগ করেন শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে। ইউএনওর অনুরোধে সাড়া দিয়ে জান্নাতুলের বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার দায়িত্ব নিতে সম্মত হয় সমিতি।
এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার পাঁচ্চর রয়েল হাসপাতালে জান্নাতুলের গলার টনসিলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে ইউএনও নিজেই হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
মেয়ের চিকিৎসা নিশ্চিত হওয়ায় পরিবারে স্বস্তি ফিরেছে। আবেগাপ্লুত পরিবারের সদস্যরা বলেন, ‘মেয়ের কষ্ট দেখে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমাদের সেই সামর্থ্য ছিল না। অনেকের কাছে গিয়েও কোনো ব্যবস্থা করতে পারিনি। শেষ পর্যন্ত ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর উদ্যোগে বিনা খরচে মেয়ের অপারেশন হয়েছে। যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের এই উপকার আমরা কোনো দিন ভুলব না। আল্লাহ সবাইকে ভালো রাখুন।’
শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, অসহায় মেয়েটির চিকিৎসার বিষয়টি ইউএনও মহোদয় তাঁদের জানালে তাঁরা সহযোগিতায় এগিয়ে আসেন। সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে চান তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান মানবকণ্ঠকে বলেন, মেয়েটির অসহায়ত্বের কথা জানার পর তার চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি সহযোগিতায় এগিয়ে এসেছে। এ জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। সমাজে এ রকম অনেক অসহায় রোগী রয়েছেন, যাঁরা অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের রোগীদের পাশে দাঁড়াতে ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অর্থের অভাবে যেখানে মেয়ের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল, সেখানে কয়েকজন মানুষের মানবিক উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে জান্নাতুলের পরিবার। এক মায়ের আকুতি, একজন সরকারি কর্মকর্তার আন্তরিকতা এবং স্থানীয় ক্লিনিক মালিকদের সহযোগিতায় নিশ্চিত হয়েছে একজন অসহায় শিক্ষার্থীর চিকিৎসা। এমন উদ্যোগ শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটায় না, সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
বিএইচ




