২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত ২৯ জানুয়ারি ছিল এ বিষয়ে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেওয়ার শেষ সময়। এবার সেই সময় বাড়াল মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে পারছেন নির্মাতা-প্রযোজকরা।
এর আগে, গত ৮ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। পাশাপাশি এই অনুদানপ্রাপ্তির ক্ষেত্রে বেশকিছু শর্ত উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিবছর অনুদান দিয়ে থাকে সরকার।




Comments