Image description

অমর একুশে বইমেলা-২০২৬ এর সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ থেকে ৫ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এবারের মেলা, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। পাশাপাশি অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর জন্য বড় সুখবর হলো—এবারের মেলায় স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভার এই সিদ্ধান্তগুলো নিশ্চিত করেছেন।

সভায় জানানো হয়, ২০২৬ সালের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কোনো স্টল ভাড়া দিতে হবে না। এছাড়া যেসব প্রকাশক এর আগে স্টল বরাদ্দ নেননি, তাদের জন্য ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক প্রতিনিধিরা।

উল্লেখ্য, এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও পবিত্র রমজান মাসের কারণে প্রকাশকদের একাংশ মেলা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এই নতুন সময়সূচি ও প্রণোদনা ঘোষণা করল।

মানবকণ্ঠ/ডিআর