Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি ও সদস্যদের ওপর গত দুই দিনে দফায় দফায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠন দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এই দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ সদস্যদের ওপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে, তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার এক নগ্ন অপচেষ্টা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে নস্যাৎ করার এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতারা আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বহু সাংবাদিকের আত্মত্যাগের মাধ্যমে দেশে আজ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পথ তৈরি হয়েছে। এই সময়ে স্বাধীন সাংবাদিকতাবিরোধী যেকোনো অপতৎপরতা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় অতীতের মতো সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর