দেশের দীর্ঘতম পদ্মা সেতুতে গাড়ি চলাচল গত বছর শুরু হলেও রেল চলাচল এখনও শুরু হয়নি। তবে আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে একটি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন।
তিনি জানান, ওই দিন একটি ইনস্পেকশন কার চালানোর সিদ্ধান্ত হয়েছে। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আসার পর আবার সেটি ভাঙ্গায় ফিরে যাবে। এর আগে কখনো কোনো ট্রেন পদ্মা সেতু পার হয়নি। সে হিসেবে এই প্রথম কোনো ট্রেন সেতু পার হবে বলে জানান তিনি।
তিনি জানান, এর আগে সেতুর সংযোগ লাইনে পরীক্ষামূলক ট্রেন চললেও দ্বিতল মূল সেতুতে ট্রেন ৪ এপ্রিলই প্রথম উঠবে। সেদিন রেলপথমন্ত্রী রেলপথের উন্নয়নকাজ পরিদর্শনে আসবেন। ট্রেনটি তাকে নিয়ে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আসবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হওয়ার কথা রয়েছে। এ বছর ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হবে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। এই পথে ২০টি স্টেশন থাকবে, যার মধ্যে ৬টি বিদ্যমান এবং ১৪টি নতুন স্টেশন করা হবে।
আফজাল হোসেন বলেন, এ পর্যন্ত ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। আর মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশের কাজ সম্পন্ন হয়েছে ৭৫ শতাংশ।
