যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ অন্যান্য উন্নত ও সভ্য দেশের আইনের আলোকে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকা, ইংল্যান্ড বা অন্যান্য সভ্য ও উন্নত দেশে এই আইনটায় কি শাস্তি ব্যবস্থা নিচ্ছে বা প্রয়োগ হচ্ছে আমরা তা বিবেচনা করে দেখছি। মঙ্গলবার (২ মে) মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া বিশেষ এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশে আইনে কি আছে? অন্যদের আইন থেকে কিন্তু আমাদের আইন অনেক সহজ আছে। তারপরও আমরা বলছি, এতই যখন আলোচনা হচ্ছে। অন্যান্য যে দেশ- আমেরিকা, ইংল্যান্ড বা অন্যান্য সভ্য ও উন্নত দেশে এই আইনটায় কি শাস্তি ব্যবস্থা নিচ্ছে বা প্রয়োগ হচ্ছে আমরা যা বিবেচনা করে দেখছি। কিন্তু ঢালাওভাবে যে অভিযোগ দেওয়া এটি আমরা গ্রহণ করতে পারবো না।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ থেকে সাংবাদিক ও নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই এই আইন আছে। আমেরিকাতেও আছে।
তিনি বলেন, এখানে সাংবাদিক বলে কোনও কথা না। আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছি। এখন বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ এখন মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে। ১৭ কোটি বাংলাদেশির মধ্যে ১২ কোটির হাতেই মোবাইল।অনলাইনে কীভাবে বোমা বানাতে হবে, কীভাবে মানুষ খুন করতে হবে, কীভাবে কি করতে হবে- এই যেন এই ধরনের জিনিসগুলো যে শিক্ষা দিচ্ছে এগুলো তো বন্ধ করা দরকার। আন্তর্জাতিকভাবে বিষয়টির ওপর নজর দেওয়া উচিত।
শেখ হাসিনা বলেন, অপরাধমূলক কাজ শেখানো, সামাজিক অপরাধমূলক কাজগুলো দেখানো, বিশেষ করে শিশুদের। এর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পৃথিবীর সব দেশেই এমন আইন আছে। আমাদের দেশেও আছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগে আমাদের দেশে সামরিক স্বৈরশাসকের সময় এমন এক আইন ছিল যেখানে কোনও সমন ছাড়াই সাংবাদিককে গ্রেফতার করা যেত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিষয়টি সমাধান করেছে। কজেই এখানে সাংবাদিকদের হয়রানি করা হয়- বিষয়টা এমন না। যে কেউ যদি অসামাজিক কোনও কার্যক্রম, উস্কানিমূলক কার্যক্রম বা জঙ্গিবাদমূলক কার্যক্রম করে তাদের বিরুদ্ধেই সাধারণত ব্যবস্থা নেওয়া হয়, এটা ঠিক।
সাংবাদিক নামে পরিচিত এমন কেউ যদি মন্ত্রণালয়ে গিয়ে ফাইল চুরি করার চেষ্টা করে তাহলে কি তাকে পুরস্কৃত করা হবে- প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, কোনও সভ্য দেশে এটি হবে? হাতে নাতে যেখানো ধরা পড়লো। একবার নয়, কয়েকবার ধরা পড়লো। মুচলেকা দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। তখন দেখলাম তাকে হিরো বানানো হচ্ছে, তাকে আবার পুরস্কার দেওয়া হলো। যখন করোনায় সারাবিশ্ব একেবারে তছনছ হয়ে যাচ্ছে। সেই সময় আমাদের ভ্যাকসিন কেনার ব্যাপারে যে আলোচনা করা হচ্ছে সেই ফাইল যে চুরি করতে গেল তাকে সরাসরি ধরা হলো। পরে তাকে হিরো বানানো হলো এবং পুরস্কৃত করা হলো। আমার কাছে বিষয়টা কিন্তু সহজ মনে হয় না।
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন , যদি অন্য দেশে হতো, উন্নত বা সভ্য দেশে- তারা কী করতো? ডিজিটাল নিরাপত্তা আইন কখনোই অপব্যবহার করা হয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কেউ যদি সামাজিক অস্থিরতা সৃষ্টি করা, মানুষের নিরাপত্তা বিঘ্ন করে, জঙ্গিবাদের উদ্বুদ্ধ করে, বোমা বানায় এগুলো অনলাইনে দেওয়ার কি যৌক্তিকতা?
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশে আইনে কি আছে? অন্যদের আইন থেকে কিন্তু আমাদের আইন অনেক সহজ আছে। তারপরও আমরা বলছি, এতই যখন আলোচনা হচ্ছে। অন্যান্য যে দেশ- আমেরিকা, ইংল্যান্ড বা অন্যান্য সভ্য ও উন্নত দেশে এই আইনটায় কি শাস্তি ব্যবস্থা নিচ্ছে বা প্রয়োগ হচ্ছে আমরা যা বিবেচনা করে দেখছি। কিন্তু ঢালাওভাবে যে অভিযোগ দেওয়া এটি আমরা গ্রহণ করতে পারবো না।
এরপর তাকে প্রশ্ন করা হয়, আইনমন্ত্রী বলেছেন এই আইনের কিছু কিছু ধারা সংশোধন হবে-আপনারা কি সেই পথে অগ্রসর হবেন?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখছি, আমেরিকায় ডিজিটাল আইনে কি আছে? ইংল্যান্ডে কি আছে? অথবা অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে কি আছে তার সঙ্গে মিলিয়ে দেখবো আমাদের আইনে কি মিল আছে। আমরা যদি দেখি কোথাও কোথাও তাদের শাস্তি আমাদের চেয়েও কঠোর সেখানে অবশ্যই আমরা সংস্কার করবো।
