সংকটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ মে) এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, ৬৭৫ জন পোর্ট সুদানে পৌঁছেছেন। যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশ্যে পাঠাবো। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোন সমস্যা হবেনা। উপস্থিত সকলকে আমাদের কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি খার্তুম থেকে রওনা হবার সময় থেকে একটি গ্রুপ আমাদের সহযোগিতা না করে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরির চেস্টা করছেন। আমাদের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের প্রত্যাবর্তনে কাজ করছেন। দয়া করে অসহযোগিতা করা থেকে বিরত থাকবেন। আমাদের কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কয়েকজনের জন্য সকলের জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলবো না।

