আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৩টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে-ক্রমাগত মুদ্রাস্ফীতির চাপ, মন্দা প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকার ওপর চাপ। প্রায় দুই সপ্তাহ সফর শেষে গতকাল এক লিখিত বক্তব্যে মিশনপ্রধান রাহুল আনন্দ এ কথা বলে গেলেন। তবে তিনি এর সঙ্গে যুক্ত করেছেন, চ্যালেঞ্জিং অর্থনীতিতে বাংলাদেশ একটি বর্ধনশীল দেশ। বর্ধনশীল দেশ হলেও বিভিন্ন খাতের ওপর চাপ অব্যাহত থাকবে।
গত ২৫ এপ্রিল আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা বাংলাদেশের অর্থনৈতিক সূচকের প্রতিটি স্তর জানতে চেয়েছে। এর পাশাপাশি আর্থিক খাতের সংস্কার সম্পর্কের মূল্যায়ন করেছে। রাহুল আনন্দ নিজেও বিবৃতিতে বলেছেন, এই সফরে আমরা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। এ ছাড়া ঋণের অর্থে নেওয়া প্রকল্পগুলো মূল প্রতিশ্রুতি পূরণের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে। তিনি অবশ্য প্রতিকূল অর্থনৈতিক পটভূমিতেও বাংলাদেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান ধরে রাখতে পেরেছে, যা প্রশংসনীয়।
গত বছর বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপের মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীল ফেরাতে গত ২৪ জুলাই আইএমএফের কাছে ঋণের আবেদন করে বাংলাদেশ। শুরুতে পরিমাণের কথা জানা না গেলেও, গত ১২ অক্টোবর বিষয়টি জানা যায়। সে সময় ওয়াশিংটনে বিশ^ব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলন চলছিল। এই সম্মেলনে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। তিনি প্রথমে ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তার কথা উল্লেখ করেন।
এরপর থেকে আইএমএফের সঙ্গে বিভিন্ন ধরনের দরকষাকষি শুরু হয়। তবে বাংলাদেশ দরকষাকষি বলতে নারাজ। খোদ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মিডিয়াকে জানিয়েছিলেন, আর্থিক খাতের বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করতে চায় আইএমএফ। তবে আইএমএফ বিভিন্ন বিষয় আলোচনা শেষে চলতি বছরের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয়। এই ঋণের প্রথম কিস্তির ৪৭৬.১৭ মিলিয়ন ডলার পাওয়া যায়। তবে এই ঋণের জন্য সরকারকে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া হয়েছে।
গত ২৫ এপ্রিল আইএমএফের প্রতিনিধি দল বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে গতকাল ফিরে যায়। তবে দ্বিতীয় কিস্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। আগামী অক্টোবরে প্রতিনিধি দল আসতে পারেন বলে আভাস দেন।
কেন আবার আসবেন আইএমএফ প্রতিনিধি দল? এই প্রশ্নে উত্তরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এবারে যে সব বিষয়ে আলোচনা হয়েছে আগামীতে এসে তার প্রতিফলন দেখতে চায়। ফলাফলের ওপর ভিত্তি করে দ্বিতীয় কিস্তি ছাড় করা হবে। আইএমএফ ৭ কিস্তিতে আগামী ২০২৬ সাল পর্যন্ত এই ঋণ প্রদান করবেন।
সফর শেষে আইএমএফ দলনেতা যে বিবৃতি দিয়ে গেলেন তা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুজল ইসলাম বলেন, এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য আমাদের বেশ কিছু বিষয়ে মনোযোগী হতে হবে। বিশেষ করে মুদ্রাস্ফীতির চাপ সহনীয় রাখতে সামাজিক নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। সরকারকে বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি সন্তোষজনক। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ কমাতে বিনিময় হার মূল্যায়ন করতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া প্রয়োজন, যেন সাধারণ, অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।
বিশ^ব্যাংকের আবাসিক অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আইএমএফ যে চ্যালেঞ্জের কথা বলেছেন সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সক্ষমতা অর্জন করতে হবে। তবে বৈশ্বিক অনিশ্চয়তা রয়ে গেছে সে কথা তো অস্বীকার করার উপায় নেই। আইএমএফ এর আগেও বাংলাদেশের অর্থনীতেতে যে সমস্যার কথা উল্লেখ করেছিল তা অনেক ক্ষেত্রে সমাধান হয়নি। আর্থিক সংস্কারের পথে হাঁটা ছাড়া অনেক কিছু হয়তো মোকাবিলা করা সম্ভব নয়। বিনিময় হার কখনো কাক্সিক্ষত পর্যায়ে ছিল না। সুদের হারের বেলায় একই কথা বলতে হয়। আর খেলাপি ঋণের মাত্রা কমানো সম্ভব হয়েছে? জ্বালানি মূল্য নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। সুতরাং আইএমএফ যে চ্যালেঞ্জের কথা বলেছে তা একমাত্র আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে করতে হবে।

