আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে আজকে অনেকেই অনেক কথা বললেন। কিন্তু যথাযথ সময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা আয়োজিত ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, যাই হোক দেশে গণতন্ত্র আছে। নির্বাচন সময় মতো হবে। সাংবিধানিক উপায়ে হবে। শেখ হাসিনা কোনোদিন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেননি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি ক্ষমতায় এসেছেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে যে সম্মান নিয়ে এসেছেন, এটা বাঙালি জাতির জন্য অনেক গর্বের। এ সম্মান, বাঙালি জাতির। আমাদের যে পররাষ্ট্র নীতি, সেটাকে সত্যিকারের প্রতিফলিত করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে।
ড. ওয়াজেদ মিয়া প্রসঙ্গে তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়া দেশের কাছে বরনীয় হয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়াজেদ মিয়ার বিয়েটা ছিল একটি কঠিন কাজ। কারণ তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। বেগম মুজিব তখন গেরিলা কায়দায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপকার করতেন। তাদের খোঁজ খবর নিতেন। আওয়ামী লীগের কর্মীদের পাশে থাকতেন। সাহায্য করতেন। অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে টা হয়েছিল। একজন বাঙালি হিসেবে ওয়াজেদ মিয়া সবকিছুর খোঁজ খবর নিতেন। দেশ ও জাতির জন্য তিনি সবসময় সজাগ ছিলেন। তখন একজন সরকারি বিজ্ঞানী হিসেবে শেখ হাসিনাকে বিয়ে করা ছিল অত্যন্ত কঠিন। এই যে চাপ ও অন্ধকার, তার মধ্যে দিয়ে যাওয়া কন্টক মুক্ত ছিল না। ছিলো কন্টাকাকীর্ণ। সাধারণ মানুষ হিসেবে তিনি অনেক উপরের ছিলেন। ড. ওয়াজেদ মিয়া কখনো ওভাবে রাজনীতি করতেন না।
সংগঠনের সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন পাঠানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন পানি সম্পদ উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুর -এর চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পলি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর পরিবার ছিলো সৃষ্টিশীল। প্রত্যেকেই মেধাবী। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য। বাংলাদেশ অর্জন যারা নিজেদের মনে করতে পারেন না। তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। আন্দোলন সংগ্রাম করেই আজকে এই পর্যন্ত এসেছি। বিএনপি কোনো রাজনৈতিক দল বলে মনে করি না। তারা বলে আওয়ামী লীগকে নাকি প্রতিহত করবে। কিন্তু তাদের প্রতিহত করার শক্তি নেই। আন্দোলন সংগ্রাম করতে শক্তি লাগে। তাদের সেই শক্তি নেই।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বের কাছে প্রশংসনীয়। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে আওয়ামী লীগকে উপমহাদেশে শ্রেষ্ঠ দল হিসেবে পরিচিত করেছেন।

