বাজারে উচ্চ পণ্যমূল্যের দুর্ভোগ কমল না ভোক্তার। সব ধরনের নিত্যপণ্যের দাম এতটাই অস্বাভাবিক হারে বেড়েছে যে, সাধারণ মানুষের কাছে পণ্য কিনতে বাজারে যাওয়া এখন আতঙ্কে পরিণত হয়েছে। কাঁচামরিচের ঝাঁজে এখনও নাকাল হতে হচ্ছে ভোক্তাকে।
মাঝে কিছুটা কমলেও আবারও বাড়ছে পণ্যটির দাম। এখন প্রতি কেজি কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৫০০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও ৮০ টাকার নিচে নামছে না পণ্যটির কেজি। সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে কমিয়ে ১৮৯ টাকা করা হলেও এখনও অনেক দোকানে বিক্রি হচ্ছে আগের দামেই।
চিনি নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, তা এখনও ভাঙা যায়নি। ব্যবসায়ীদের খোলা চিনি ১৪০ ও প্যাকেটজাত চিনির কেজি ১৫০ টাকা করার প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয় সায় না দিলেও চিনি সিন্ডিকেট কিন্তু বাজারে বিক্রি করছে ওই দামেই। মাছ-মাংস ছেড়ে সবজি দিয়ে যে ভাত-রুটি খাবে সাধারণ মানুষ, সেটিও দুরূহ হয়ে পড়েছে। কারণ ৫০-৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বৃষ্টির দোহাই দিয়ে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। করপোরেট কোম্পানিগুলোর দৌরাত্ম্যে চালের দাম আর কমল না। এখনও চিকন চাল ৭০-৭৫ টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকা কেজিতে। বিশ্ব বাজারের দোহাই দিয়ে দেশের বাজারে আটা-ময়দার দাম দুই-তিনগুণ বাড়িয়েছিল ব্যবসায়ীরা।
বিশ্ববাজারে এখন গমের দাম অর্ধেকে নেমেছে, কিন্তু দেশের বাজারে আটা-ময়দার দাম আর না কমিয়ে ক্রেতার পকেট কাটছে ব্যবসায়ীরা।
এদিকে ঈদের আগ দিয়ে গরম মসলার বাজার যেভাবে গরম হয়েছিল, সে গরম এখনও কাটেনি। এখনও সব ধরনের মসলা বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। গত ঈদের আগ থেকেই মাছের বাজার ছিল বেশ চড়া। ঈদের পর বাজারে চড়া দামের পাশাপাশি মাছের সরবরাহও কমে গেছে। ফলে বাজারে মাছের দাম আরও বেড়েছে।
এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান সময়ের আলোকে বলেন, অস্বাভাবিক পণ্যমূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ আসলেই অনেক কষ্টে আছে। সবাই হয়তো ভাবছে সবকিছুই তো ঠিকমতো চলছে, কোথাও কোনো সমস্যা তো দেখছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে উচ্চ পণ্যমূল্যের কষ্ট বোবার মতো মুখ বুঝে সইছে সাধারণ মানুষ। কেউ চাহিদার অর্ধেক পণ্য কিনে ঘরে ফিরছে, কেউ খাদ্য তালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়ে কোনো রকম তিন বেলার আহার জোটাচ্ছে। জানি না এই অবস্থা থেকে দেশের মানুষ কবে রেহাই পাবে।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে কিছু পণ্যের দাম বেড়েছিল, এটা সত্য। তাই বলে দেশে উৎপাদিত পণ্যের দাম এতটা বৃদ্ধি পাওয়া মোটেই সমীচীন হয়নি। এখানেই বাজার কারসাজি রয়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশ কিছু পণ্যের দাম বাড়িয়েছে। সংকটকে পুঁজি করে ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়েছে বাড়তি মুনাফার লোভে। আর ব্যবসায়ীদের মুনাফার লোভের আগুনে পুড়ছে দেশের সাধারণ মানুষ।
এদিকে রাজধানীর কল্যাণপুর নতুন বাজারের ক্রেতা আনিসুর রহমান সময়ের আলোকে বলেন, আয়ের প্রায় পুরোটাই এখন খেয়ে ফেলছে বাজারের ব্যাগ। ৩ বছর বা ২ বছর আগেও ১ হাজার টাকার পণ্য কিনলে ব্যাগ ভরে যেত। আর এখন ১ হাজার টাকার পণ্যে ব্যাগের অর্ধেকও ভরছে না। ফলে ১ হাজার টাকার পণ্য কিনতে এখন ৩ হাজার টাকা লাগছে। এভাবে প্রতিটি খাতেই ব্যয় দ্বিগুণ-তিনগুণ বেড়েছে। সে তুলনায় আমার আয় কি বেড়েছে। ৩ বছরে আমার বেতন বেড়েছ মাত্র ৫ হাজার টাকা। অথচ ব্যয় বেড়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা। তা হলে কীভাবে সংসার চালাব, কীভাবে সন্তানের লেখাপড়া করাব। আসলে এখন বাজারের ব্যাগ নিয়ে পণ্য কিনতে যাওয়া আতঙ্কে পরিণত হয়েছে। খাওয়া কমিয়ে, মাছ-মাংস খাওয়া ছেড়েও কুলানো যাচ্ছে না। আমাদের মতো সাধারণ মানুষ আসলেই অনেক কষ্টে আছে। আর আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট দেখার মতোও কেউ নেই। তাই মুখ বুঝে আমরা সব সহ্য করে যাচ্ছি।
গতকাল সবজির বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম ঈদের পর বেড়েছে। এর জন্য বৃষ্টি এবং সরবরাহের ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। সবজি বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি ধুন্দল ৬০ টাকা, পেঁপে ৬০, করলা ১০০, উস্তা ৮০, বেগুন ৬০-৯০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪৫, পটোল ৫০-৫৫, বরবটি ৭০, টমেটো ১৮০, শসা ৫০-৫৫, গাজর ১৩০, লতি ৭০, সজনে ডাঁটা ১১০, কচুরমুখী ১০০ ও কাকরোল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি পিস লাউ ৬০ টাকা, চাল কুমড়া ৪০, ফুলকপি ৪০, বাঁধাকপি ৩০, পানি কচু ৮০ এবং কাঁচকলার হালি ৩০ ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি আঁটি পুঁইশাক ৫০ টাকা, কুমড়া শাক ৪০-৫০, লালশাক ২০ টাকা, কলমি শাক ২০ এবং ডাঁটা শাক ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শুধু সবজি নয়, দাম বেড়েছে পেঁয়াজের। দেড়শ টাকায় বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের পাল্লা এখন বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকায় এবং ৩৫০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। তবে রসুনের দাম আগের মতোই ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে আদার দাম। ঈদের আগে ৬০০ টাকায় বিক্রি হওয়া আদা এখন ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি হালি ডিমের দাম বেড়েছে ২ টাকা। বর্তমানে প্রতি হালি লাল ডিম হচ্ছে ৫০ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৭৫ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা এবং লেয়ার মুরগি ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের এক দিন আগে এ বাজারেই ব্রয়লার বিক্রি হয়েছে ২১০-২২০ টাকা, সোনালি ৩০০ টাকা এবং লেয়ার ৩৮০ টাকা দরে।
এদিকে আগের মতোই অপরিবর্তিত আছে সব ধরনের চালের দাম। বর্তমানে প্রতি কেজি মিনিকেট চাল ৬৫ থেকে ৭৫ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৮, আটাশ ৫২ থেকে ৫৪, পাইজাম (স্বর্ণা) ৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ব্যাপকভাবে দাম বেড়েছে মাছের। বর্তমানে বাজারে প্রতি কেজি রূপচাঁদা ৯০০ থেকে ১ হাজার টাকা, ইলিশ ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার, কোরাল ৯০০, রুই ৪০০ থেকে ৫০০, কাতল ৪০০ থেকে ৬০০, আইড় ৮০০, পোয়া ১ হাজার, তপসী ১ হাজার ১০০, বেলে ১ হাজার ৪০০, পুঁটি ১ হাজার ২০০, বোয়াল ৪০০, চিড়িং ৭৫০, টেংরা ৬০০, ফলি ৩০০, বাছা ৪০০, পাবদা ৩০০, শিং ৩৫০, পাঙাশ ২০০ ও কই ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচামরিচের ঝাঁজে দিশাহারা জনগণকে স্বস্তি দিতে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। যে কারণে কমেছিল পণ্যটির দাম। কিন্তু হঠাৎ করেই আবারও কাঁচামরিচের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এক রাতের ব্যবধানে কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে ২২০ থেকে ২৮০ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম হাঁকছেন ১২০ টাকা। সে হিসাবে ১ কেজি কাঁচামরিচের দাম পড়ে ৪৮০ টাকা। অথচ সোমবার ও মঙ্গলবার কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ থেকে ২৬০ টাকা কেজি। এর আগে ভারতের মরিচ আসায় গত ৩ জুলাই রাজধানীর বাজারে মরিচের দাম ১ লাফে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত কমে যায়। তবে ২ জুলাই ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হয়। এ ছাড়া দেশের কোথাও কোথাও হাজার টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রির খবর পাওয়া যায়। পরিস্থিতি মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়।
এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম কেজিতে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কোনো কোনো খুচরা বাজারে আলু ১৫ টাকা বেশি দামেও বিক্রি হতে দেখা গেছে। তাতে খুচরায় আলুর কেজি ৪৫ টাকা ছাড়িয়ে দুয়েক জায়গায় ৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। সরবরাহের বড় কোনো সংকট না থাকলেও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে রাখছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রাজধানীর পাইকারি ও খুচরা আলুর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার আগে পাইকারিতে আলুর দাম ছিল প্রতি পাল্লা (৫ কেজি) ১৫০ টাকার আশপাশে। তাতে প্রতি কেজি আলুর খুচরা মূল্য পড়ত ৩০ টাকা। যেটা খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৩৫ টাকায় বা তার একটু বেশি। ঈদুল আজহার পর গতকাল সেই আলুর পাইকারি দাম দাঁড়িয়েছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি, খুচরায় গিয়ে যা পড়ছে ৪৫ টাকায়। আর পাড়া-মহল্লার দোকানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায়।
এ ছাড়া বাজারে এখনও চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে। ১ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে এখনও অনেক দোকানে ১৯৯ টাকায়। অথচ দাম কমিয়ে এখন ১৮৯ টাকা করা হয়েছে। ঈদের পরও গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর খাসির মাংসের কেজি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা।

