ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়াঁ বলেছেন, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের ওপর হয়রানি, হুমকি এবং সহিংস পরিবেশে বাংলাদেশে সংস্কার টিকবে না। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভালেরিয়াঁ সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মুক্ত ও নিরাপদ সংবাদ পরিবেশন অত্যাবশ্যক। তিনি জানান, আগের সরকারের আমলে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যা সরকারি সেবাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বৈষম্য বাড়িয়েছে। তিনি বলেন, “এই অর্থ পাচার না হলে দারিদ্র্য কমানো অনেক বেশি কার্যকর হতো।”
টিআইবির সংস্কার কমিশনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে টিআইবিকে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং একইসঙ্গে ক্ষমতার সমালোচনা করতে হবে।” তিনি সুশীল সমাজের ভূমিকার প্রশংসা করে বলেন, গত বছর তারা স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভালেরিয়াঁ সংস্কারের টেকসইতা নিশ্চিত করতে সুশীল সমাজের নজরদারি এবং বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে বলেন, “কোনো দেশই বলতে পারে না যে তাদের দুর্নীতির সমস্যা সমাধান হয়ে গেছে।” তিনি বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের পরামর্শ দেন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থপাচারের কারণে বাংলাদেশের জিডিপির ৩.৪ শতাংশ ক্ষতি হয়, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে। গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তিনি বলেন, “অর্থপাচার প্রতিরোধ করা ফিরিয়ে আনার চেয়ে অনেক সহজ ও কার্যকর।”
তিনি জানান, ব্যাংকিংখাতে সংস্কার অর্থপাচার কমালেও বাণিজ্য মূল্য নিয়ে কারসাজি এখনো চ্যালেঞ্জ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কারে টিআইবি স্বাধীনভাবে অংশ নিয়েছে এবং এর অর্থায়নও নিজেরা করেছে।

