আজ রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উদযাপিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো – ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’। জনগণের তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছরই এই দিনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে তথ্য কমিশন বাংলাদেশ এর অডিটোরিয়ামে বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আলোচক থাকবেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। সভায় সভাপতিত্ব করবেন তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হক।
দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, মোবাইলে এসএমএস প্রচার, তথ্য অধিকার বিষয়ক ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রিন ও এডভারটাইজিং বোর্ডে প্রদর্শন, ওয়েবসাইটে ফেস্টুন প্রচার এবং জেলা পর্যায়ে আলোচনা সভা আয়োজন।
