Image description

ভোলার মনপুরা উপজেলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে দ্বীপের বসতবাড়ি, মসজিদ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা কেঁপে উঠলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজের সময় হঠাৎ পুরো মসজিদ কাঁপতে শুরু করে। নামাজরত মুসল্লিরা এই কম্পন স্পষ্টভাবে অনুভব করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মণিপুর ও আসামসহ পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মণিপুরে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার প্রভাবে মনপুরায় ভূকম্পন অনুভূত হয়েছিল। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি মাঝেমধ্যেই এমন মৃদু কম্পনের মুখে পড়ছে।

মানবকণ্ঠ/আরআই