পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে
সাংবাদিকদের জন্য দুইটা আইনের খসড়া করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমি আমার সাংবাদিকতার কাজটা করবো। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসেবে, তাহলে আমাদের দমনপীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট’স অ্যালায়েন্স আয়োজিত গণমাধ্যম উৎসব-২০২৬-এ এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শুধু একটা নির্বাচন দিয়ে কিন্তু গণতন্ত্র আসবে না। সেখানে সংবাদপত্রের একটা অনেক বড় ভূমিকা আছে। তারা তো গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ। সাংবাদিকরা একটা স্তম্ভ, সাংবাদিকতা একটা স্তম্ভ। আপনারা নিজেরা বললেন যে পটপরিবর্তনের পরে আবার আনুগত্য পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখান থেকে কেমন করে আপনারাও উত্তরণ করবেন। পেশাগত উত্তম চর্চা কি, এগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। ইন্টিমিডেট করে কোনো কিছু অর্জন করা যায় না। জাতীয় পর্যায়ে কেন সেটা আমরা করব? একটা গণতান্ত্রিক সমাজে আমরা কথা বলবো। আপনাদের যা প্রয়োজন আমাদের বলবেন। আমাদের যা প্রয়োজন আপনাদের আমরা বলবো।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মন্ত্রণালয় হিসেবে আমি আসলে দুই মাসও কাজ করার সময় পাচ্ছি না। তারপরও একটা খসড়া করার চেষ্টা করেছি। এটা আরও উন্নত করা হবে, পরিবর্তন করা হবে। উদ্বেগের কিছু আছে বলে আমি মনে করছি না। আরেকটা হচ্ছে যে, আপনাদের নিজেদের কারণেই যেন নিজেরা বিপদে না পড়েন। সাংবাদিক ও সাংবাদিকতার স্বার্থে আমার হয়তো আর ছয় কর্মদিবস আছে।
যদি কিছু দ্রুততম সময়ের মধ্যে করার দরকার পড়ে আমাকে জানাবেন আর কোথাও যদি সুনির্দিষ্ট কোনো হুমকির মধ্যে আপনারা পড়েন, যেটাকে আপনারা নিরাপত্তাহীনতা মনে করছেন, আমাকে বলবেন। আমি অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলবো
সাংবাদিকতায় সাংবাদিক হিসেবে দয়া করে সকলে এক হবেন। সাংবাদিকতার প্রশ্নে দয়া করে সকলে এক হবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments