Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত দেড় মাসে দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে ১৫টি।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহিংসতার ধরনগুলোর মধ্যে রয়েছে—ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষ ৮৯টি, প্রচারকাজে বাধা ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩টি। এছাড়া সংখ্যালঘুদের ওপর একটি হামলার ঘটনাও নথিভুক্ত হয়েছে।

প্রেস উইং পূর্ববর্তী নির্বাচনগুলোর সহিংসতার তুলনামূলক চিত্রও তুলে ধরে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাসে ৫৩৪টি সহিংসতায় ৬ জন নিহত হন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে ২২ দিনে ৪১৪টি ঘটনায় ২২ জন এবং ২০১৪ সালের দশম নির্বাচনে ১২ দিনে ৫৩০টি ঘটনায় ১১৫ জন নিহত হন।

মানবকণ্ঠ/আরআই