ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ রক্তের অক্ষরে লেখা শপথের স্বাক্ষর।”
তিনি বলেন, যে যুবক কাজ ফেলে রাজপথে নেমেছে, যে বাবা ছেলে-মেয়ে মিছিলে প্রেরণ করেছে, যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে—তাদের প্রতি আমাদের ঋণ হলো জুলাই সনদ। প্রতিটি অক্ষর কালো কালিতে লেখা হলেও তার পটভূমি রক্তের ওপর দাঁড়িয়ে।
অধ্যাপক রীয়াজ আরও বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা প্রয়োজন, যাতে আর কোনো স্বৈরাচার জাতির ওপর চেপে বসতে না পারে, ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার হরণ না হয়। তিনি দেশের ভবিষ্যৎ পথনির্ধারণ এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র রোধের দায়িত্ব জনগণের ওপরও বর্তায় বলে উল্লেখ করেন।
তিনি ২০০৯ সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জাতীয় সংসদের কমিটির কার্যক্রম নিয়ে মন্তব্য করে বলেন, সংবিধান সংশোধনী এক ব্যক্তির সিদ্ধান্তে করা হয়েছে এবং প্রহসন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হয়েছিল।
অধ্যাপক রীয়াজ বলেন, “অগণিত শহিদের আত্মাহুতি বৃথা যাবে না, জনগণ জুলাই সনদের পক্ষে কথা বলবে এবং দেশ সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments