এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়া হয়েছে চট্টগ্রাম বন্দরে। আজ মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষ না হতেই নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার সকাল ৮ টায় শেষ হবে পূর্বঘোষিত ২৪ ঘণ্টার কর্মবিরতি। এরপর শুরু হবে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি।
পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এক জরুরি সভা করে স্কপ এটি সমর্থন করে। পৃথক আরেক বৈঠকে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেন তারা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া শুরু করার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ধারাবাহিক আন্দোলন চলছে চট্টগ্রামে।
যুগ্ম সমন্বয়ক এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্কপের বিকেলের জরুরি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তপন তত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার, কাজী আনোয়ারুল হক হুনি, এমরান হোসেন, হেলাল উদ্দিন কবির, নুরুল আবসার তৌহিদ, জাহেদ উদ্দিন শাহিন, ফজলুল কবির মিন্টু প্রমুখ।
সভায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচির প্রতি স্কপের সমর্থন প্রদান এবং কর্মসূচি সফল করার জন্য চট্টগ্রামের সর্বস্তরের শ্রমিক ও সচেতন জনতার প্রতি আহ্বান জানানো হয়।




Comments