Image description

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে বিক্রি বা হস্তান্তরের আগে সেটির নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এ নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর হয়েছে।

বিটিআরসি জানায়, এ ব্যবস্থার আওতায় বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর ফলে অবৈধ, চোরাই ও অননুমোদিত মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে।

কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন, অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া বা সেটটি বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সিম নিবন্ধনের সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার পাশাপাশি সহায়তার জন্য বিটিআরসি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া প্রয়োজনে নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।

মানবকণ্ঠ/আরআই