আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক ‘মব ভোটিং’ (পরীক্ষামূলক ভোট) কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বিদেশে পালিয়ে থেকে যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন বা ষড়যন্ত্র করছেন, সাহস থাকলে তারা দেশে এসে কথা বলুক। আমরা বিশ্বাস করি, দেশের সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।"
র্যাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, র্যাবের ভাবমূর্তি ও কার্যক্রম আরও গতিশীল করতে বাহিনীর পোশাক (ইউনিফর্ম) পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করছে সরকার।
পরিদর্শনকালে তিনি সাভার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী মহড়া ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments