সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভের মুখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় বিজিবি জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি কর্মচারীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন।
বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা সংগঠিত হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনা অভিমুখী সড়কে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানেই তিনি প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments