আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি কার্যকর থাকবে।
নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ পাচ্ছেন।
এদিকে, নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিল্প-কারখানায় ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। ফলে শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি ভোগ করবেন।
তবে ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি পরবর্তীতে সমন্বয়ের সুযোগ থাকায় কারখানা মালিকরা শ্রমিকদের দিয়ে অন্য কোনো দিন এক দিন অতিরিক্ত কাজ করাতে পারবেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। পাশাপাশি ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারিত রয়েছে।
ধর্মভেদে ঐচ্ছিক ছুটির সংখ্যা অনুযায়ী—মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments