ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে। শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সালীম আহমাদ খান জানান, মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছে, যার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ ভোট দিয়েছেন। দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে, যেখানে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারকে ব্যালট পাঠানো হয়েছে।
এবারের নির্বাচনে দেশে ও প্রবাস মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোটের মাধ্যমে ভোট প্রদানে নিবন্ধন করেছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মানবকণ্ঠ/আরআই




Comments