Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় চার দিনের জন্য বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ও নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত। অর্থাৎ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে।

এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসক, মহানগর পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই