ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। এরপর কোনো প্রার্থী যদি ভোটের প্রচারণা চালান, নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে।
নির্বাচন কমিশন জানায়, প্রচারণা শেষ হওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ করতে পারবেন, তবে ভোট চাইতে পারবেন না। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সারাদেশে জনসভা আয়োজন বা অংশগ্রহণও নিষিদ্ধ।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। আরপিও ৯১ খ(৩) অনুযায়ী লঙ্ঘনকারীর সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে। রাজনৈতিক দলও বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পেতে পারে।
ইসি লঙ্ঘনের প্রমাণ পেলে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারে। সন্তোষজনক প্রমাণ মিললে আরপিও ৯১ঙ অনুযায়ী লিখিত আদেশে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে সরকারি গেজেটে প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মানবকণ্ঠ/আরআই




Comments