Image description

দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, শেরপুর-৩ আসন ছাড়া দেশের বাকি ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছেছে। সেখান থেকে পর্যায়ক্রমে এসব উপকরণ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমরা আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোট গ্রহণের মাধ্যমে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে পৌঁছাবো এবং দেশের নতুন এক অধ্যায়ের সূচনা হবে। এই পথটি সহজ ছিল না; বহু বাধা অতিক্রম করেই আমাদের এই পর্যায়ে আসতে হয়েছে।”

ভোট গণনা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। এরপর রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন এবং কমিশন পর্যায়ক্রমে তা প্রকাশ করবে।

তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত যাচাই-বাছাই প্রয়োজন হওয়ায় এসব কেন্দ্রের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে, তবে ফল প্রকাশ অযথা বিলম্বিত হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নিয়মিতভাবে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনে সেসব তথ্যের ব্যাখ্যাও দেবে। একই সঙ্গে অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য যতই কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানবকণ্ঠ/আরআই