Image description

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমানের গাড়ি আটকে হামলা ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে তাদের একজনকে উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়কের সরেয়ার তল এলাকায় এ ঘটনা ঘটে।

আবু নাসের শাহ মাহবুবার রহমান জানান, তিনি জানাজার নামাজে যাওয়ার পথে সরেয়ার তল এলাকায় পৌঁছালে কয়েকজন তার গাড়ির সামনে দাঁড়িয়ে পথরোধ করেন।

এক পর্যায়ে তারা চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ট্যাগ দিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা হামলা করে এবং মব সৃষ্টির চেষ্টা করে।

তিনি আরো বলেন, ‘গাড়িটি আমার নিজস্ব এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত। তারপরও আমি কেন বাইরে বের হয়েছি, তা নিয়ে তারা উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয় লোকজন আমাকে চিনতে পেরে এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সড়কের আশপাশে লোকজন জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে স্থানীয়রা দুজন মব সৃষ্টিকারীকে আটক করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক একজনকে নিজেদের হেফাজতে নেয়।

অন্যজনকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর থেকে সরেয়ার তল ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।