ঝালকাঠির নলছিটির খয়রাবাদ নদীর ওপর শত কোটি টাকার নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতুর কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলে থাকায় নির্মাণ কাজ এখনও থমকে আছে। নদীর দুই প্রান্তে কয়েকটি পিলার ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। যদিও ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
খয়রাবাদ নদীর ওপর এই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। কথা ছিল, ২০২৬ সাল নাগাদ শেষ হবে নির্মাণকাজ। তবে এতো দিনেও কাজের কোনো গতি নেই। আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেবলমাত্র ১৮টি পিলারের আংশিক নির্মাণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, ‘১২৬ কোটি টাকা বাজেটে এই কাজটা পড়ে আছে এখনও। পাইল গাড়ার পর ২ থেকে ৩ বছর পড়ে থাকায় রডে ঝং ধরে যাচ্ছে।’
এলজিইডি জানিয়েছে, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করতে পারলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকৌশলী।
ঝালকাঠির নলছিটির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক জানান, ‘দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি স্লো (ধীর)। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমাদের ম্যানেজমেন্টের মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং উনারা বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা...ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, সেতুটি চালু হলে বাকেরগঞ্জের গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ দক্ষিণাঞ্চলের বেশির ভাগ জায়গায় সরাসরি যাতায়াত করতে পারবেন।




Comments