নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রধানমন্ত্রীর বাসভবন নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী ঠিক করা হবে বলে জানান তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। আমরা ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেটি থেকে দেশকে নতুন গতিতে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।




Comments