Image description

স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম পূর্ণ মন্ত্রী পেল পর্যটন জেলা কক্সবাজারবাসী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন তিনি। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সালাহউদ্দিন আহমদের পূর্ণ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পর্যটন শহর কক্সবাজারসহ তাঁর নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়ায় আনন্দ মিছিলে ফেটে পড়ে সাধারণ মানুষ ও দলীয় সমর্থকরা। পুরো জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

১৯৬২ সালে পেকুয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সালাহউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি সরাসরি রাজনীতিতে যোগ দেন এবং কক্সবাজার জেলা বিএনপির হাল ধরেন।

তিনি ১৯৯৬ (দুবার), ২০০১ এবং সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য চড়াই-উতরাই পার করেছেন। ২০১৫ সালে গুমের শিকার হয়ে দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর ভারতের শিলংয়ে তাঁর খোঁজ পাওয়া যায়। প্রায় ১০ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৪ সালের আগস্টে তিনি বেশে দেশে ফিরে আসেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯৫ হাজার ৮৩০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। উল্লেখ্য, স্বাধীনতার আগে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কক্সবাজারের মাওলানা ফরিদ আহমদ। তবে মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম কক্সবাজার থেকে কেউ পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন।

মানবকণ্ঠ/ডিআর