Image description

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ঝাড়ু হাতে নিজের নির্বাচনী এলাকা মিরপুরের রাস্তা পরিষ্কার করতে নামলেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির গতকাল বুধবার ভোর ৬টায় রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানে ডা. শফিকুর রহমান নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে ময়লাগুলো সঙ্গে থাকা নির্দিষ্ট গাড়িতে তোলা হয়।

অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে কোনো ছাড় দেওয়া হবে না। তাঁর মতে, রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল।

তিনি বলেন, ‘এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমি হয়েছি বিরোধীদলীয় নেতা। জুলাই না এলে কি আমরা এটা হতে পারতাম? তাই আমাদের অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে এবং সম্মান করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারি দল উদ্যোগ নিলে আমরা বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব। আর সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব, কিন্তু ছেড়ে দেব না।’

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। তিনি বলেন, ‘আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান।’

তিনি বলেন, আজকের এই অভিযানে অংশগ্রহণের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দা ও দেশবাসীকে একটি বার্তা দিতে চান-একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ে তোলার বার্তা। তাঁর ভাষায়, ‘আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে।’