হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। সিয়াম সাধনার এই মাস উপলক্ষে আজ থেকেই কার্যকর হয়েছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজারের নতুন সময়সূচি। গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সরকারি অফিস:
রমজান মাসজুড়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার বহাল থাকবে।
আদালত:
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, পবিত্র রমজানে দেশের নিম্ন আদালতগুলোতে বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। উভয় ক্ষেত্রে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান:
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রমজানে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। জোহরের নামাজের বিরতি থাকলেও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি অনুযায়ী সময়সূচি অনুসরণ করবে।
শেয়ারবাজার:
রমজান উপলক্ষে শেয়ারবাজারে লেনদেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হাসপাতাল, ডাক, রেলওয়ে, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে।




Comments