পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী মে মাস থেকে শুরু হচ্ছে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আমাদের মেনিফেস্টোতে প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য রাখা হয়েছে। চারা সংগ্রহের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং প্রাইভেট সেক্টরের নার্সারি ব্যবহার করা হবে। আমরা সর্বোচ্চ চারা সংগ্রহ করে রোপণ করব।”
মে মাস থেকে কার্যক্রম শুরু হবে এবং জুলাইয়ের পরে চারা রোপণ সম্ভব হবে না বলে উল্লেখ করেন তিনি। গাছের চারা রোপণের জন্য সাত থেকে আটটি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেমন চরে, নদীর দুইপাশে বাঁধে, রাস্তার ধারে, হিল ট্র্যাক্টে, ম্যানগ্রোভ বন ও লবণাক্ত অঞ্চলে সুন্দরবন এলাকায়।
মন্ত্রী আরও বলেন, “এই বছর হয়তো পাঁচ কোটি বৃক্ষরোপণ পুরোপুরি হবে না, তবে আগামী বছরে অতিরিক্ত চারা রোপণের মাধ্যমে লক্ষ্য পূরণ করা হবে। এটি আমাদের পরিকল্পনার মূল অংশ।”
মানবকণ্ঠ/আরআই




Comments