Image description

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বিষয়টি বিএনপি মিডিয়া সেল থেকেও নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনা ভবনের মেরামত কাজ এখনো সম্পন্ন হয়নি। এ কারণে আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন তিনি। একই দিনে নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও অংশ নেন।

এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক গতি বৃদ্ধি ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই