Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রসুলপুর গ্রামের বাসিন্দা আসমা বেগম (৪৫) একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তাকে গ্রেপ্তার করতে বুধবার রাত একটার দিকে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। এ সময় আসামির পরিবার ও স্থানীয়রা পুলিশকে বাধা দেন। বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তি এবং শেষ পর্যন্ত পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হন উপ-পরিদর্শক (এসআই) অজিত, উপ উপ-পরিদর্শক (এএসআই) আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল ও এএসআই নিজাম।

পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আসমিকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশকে ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে সদস্যদের উদ্ধার করা হয়।

ঘটনার এক পর্যায়ে আসমা বেগমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া বলেন, ‘পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং বাকি অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।’