পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন ও ইফতারের সময় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন বন্ধের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা স্টেশন বন্ধ রাখার নিয়ম ছিল। মূলত গ্যাস বিতরণ নেটওয়ার্কে চাপ স্বাভাবিক রাখা এবং ইফতারের সময় বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে।
তবে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত সহজ করতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ঈদের ছুটি শেষে ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments