Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ জন উপদেষ্টার মধ্যে আটজনকে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার তিনজনকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।

এছাড়া মন্ত্রী পদমর্যাদায় আরও দুই উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, মাহদী আমিনকে একযোগে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালনা করবেন। অন্যদিকে, রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মোট ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিল নতুন সরকার। আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মধ্যে আটজনের জন্য নির্দিষ্ট দপ্তর ও দায়িত্ব নির্ধারণ করা হলো।

মানবকণ্ঠ/ডিআর