Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ। আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

রমজানের পবিত্র আবহে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্টজন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। মাহফিলজুড়ে ছিল ধর্মীয় আলোচনা, কুরআন তিলাওয়াত, দোয়া ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ। উপস্থিতদের মতে, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের যে বার্তা এই মাহফিল দিয়েছে, তা রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

ইফতারের পূর্ব মুহূর্তে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিশেষ আমন্ত্রণে এই মাহফিলে যোগ দিয়ে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান প্রেক্ষাপট ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। রাজনৈতিক ও সুধী মহলে তার এই অংশগ্রহণ এবং আন্তরিক দোয়া এক অনন্য জাতীয় সংহতির দৃষ্টান্ত হিসেবে গণ্য হচ্ছে। মোনাজাতে তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় অশ্র“সিক্ত আকুতি জানান, যা উপস্থিত অতিথিদের মধ্যে গভীর আবেগের সঞ্চার করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান রমজানের গুরুত্ব, ঈমানের দৌলত, তাকওয়া অর্জন এবং কুরআন-সুন্নাহর অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের দৌলত দান করেছেন। তাঁর অফুরন্ত মেহেরবানীতে জীবন, সুস্থতা এবং পবিত্র রমজান মাসে পৌঁছার সুযোগ দিয়েছেন- আলহামদুলিল্লাহ।’

তিনি বলেন, রজব মাস এলেই মুমিনরা দোয়া করে- ‘আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগনা রামাদান’। আল্লাহ সেই দোয়া কবুল করে মুসলমানদের রমজানে পৌঁছার তাওফিক দিয়েছেন। কুরআনের আয়াতের আলোকে তিনি বলেন, রমজান মাসেই কুরআন নাযিল হয়েছে- যা হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করে। রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জন হলে মানুষ আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসবে, অন্যায়-অত্যাচার থেকে দূরে থাকবে এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কুরআনভিত্তিক সমাজে এমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় যে একজন নারী দীর্ঘ পথ একা ভ্রমণ করলেও আল্লাহ ছাড়া কারো ভয় করবে না। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আহ্বান জানান, এই রমজানে কুরআন জানার, বোঝার ও জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। তিনি বলেন, ‘রোজা আল্লাহর জন্য, আর এর প্রতিদান তিনি নিজেই দিবেন।’ দোয়া পর্বে তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের আয়োজক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া সভাপতির বক্তব্যে বক্তব্যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি উল্লেখ করেন যে, ব্যক্তিগত জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করেই তিনি নিজের জীবন ও ব্যবসায়িক সততা গড়েছেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বারবার আবেগাপ্ল“ত হয়ে পড়েন এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, এই দোয়া ও ইফতার মাহফিল কোনো ব্যক্তিগত প্রচার বা গৌরবের জন্য নয়; বরং চার দশকেরও বেশি সময় ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক উদ্যোগ। 

তিনি জানান, প্রতি রমজানে হাজারো অসহায় ও নিম্নআয়ের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান আমাদের দায়িত্ব ও ইবাদত-মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। মানুষের দোয়া ছাড়া জীবনে কোনো সফলতা নেই। আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, সঠিক পথে রাখুন এবং দেশকে শান্তি ও কল্যাণে ভরিয়ে দিন। 

দেশের সার্বিক কল্যাণ কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন দেশবাসীকে শান্তি ও সুস্থতা দান করেন এবং রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন। তিনি সবাইকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া, পয়সা বাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া। মাহফিলে রাজনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের এক বিশাল সমাবেশ ঘটে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা-১৯ (সাভার) আসনের এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহিদুল আহসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ।

এছাড়াও গণমাধ্যম ও সুধী সমাজের প্রতিনিধিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া, আশিয়ান এডুকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান, আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল (অব,) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। 

বক্তারা আশিয়ান গ্রুপের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নজরুল ইসলাম ভূঁইয়ার মতো দেশপ্রেমিক উদ্যোক্তারা যখন জাতীয় নেতাদের আদর্শকে ধারণ করেন, তখন দেশের মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়। অনুষ্ঠানে মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান ভূঁইয়া আগত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ইফতার মাহফিলটি শেষ পর্যন্ত বিভিন্ন মতাদর্শের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।