Image description

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়-এ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং তাদের কাছে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সরকারের মূলমন্ত্র হচ্ছে “বাংলাদেশ ফার্স্ট”—জাতীয় স্বার্থ, মর্যাদা ও সার্বভৌমত্বই সর্বাগ্রে প্রাধান্য পাবে।

তিনি আরও বলেন, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে ইতোমধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের নতুন সরকারের প্রতি আস্থা ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

ড. খলিলুর রহমান বলেন, ভবিষ্যতে নির্দিষ্ট ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে এবং বাংলাদেশ একটি গতিশীল ও পারস্পরিক মর্যাদাভিত্তিক বৈদেশিক নীতি অনুসরণ করবে।

মানবকণ্ঠ/আরআই