Image description

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, “আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে প্রকৃত শান্তি আসবে না। তাঁর হুকুম পালন করা ছাড়া মানুষের সামনে আর কোনো গত্যন্তর নেই।” 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এই বইমেলার আয়োজন করেছে।

ইসলামি বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, “ইসলামকে মানতে হলে পবিত্র কুরআন ও হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এই বইমেলা থেকে বই কিনে আমরা আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) নির্দেশনাসমূহ জানতে পারব।” তিনি মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অতীতে যারা ইসলামিক ফাউন্ডেশনে অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচারী ও অবিচারকারীদের কোনো স্থান এখানে হবে না। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চায়, তাদেরও কোনো সুযোগ দেওয়া হবে না।”

দেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে। আমরা এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আগে ভাবিনি। সকল ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী এবং মাওলানা শাহ নেসারুল হক।

পরে মন্ত্রী ফিতা কেটে মাসব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় ৬১টি স্টল রয়েছে, যেখানে পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টল থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশনে বই কেনা যাবে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর