আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তার আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ না করার কঠোর নির্দেশ দিয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
নির্দেশনা অনুযায়ী, সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে, অর্থাৎ পবিত্র রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না।
আদেশে আরও জানানো হয়, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের (যুগ্ম সচিব বা সলিসিটর) অনুমতি নিতে হবে। এছাড়া নির্ধারিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ তথ্য এন্ট্রি করার পাশাপাশি ডিজিটাল হাজিরা প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি এই নির্দেশ অমান্য করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন বা বিলম্বে অফিসে আসেন, তবে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কঠোর বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments