Image description

রাজধানীতে অপহরণের শিকার হওয়া এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অপহৃত শিক্ষার্থী খিলগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ৪-৫ জন অপহরণকারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রাখে। সেখানে তাকে মারধর করে তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে ওই শিক্ষার্থীকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা।

উদ্ধারকৃত শিক্ষার্থীর বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি বিচলিত হয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি অবহিত করেন। ঘটনা শোনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে মুক্তিপণ চেয়েছিল, সেই নম্বরের সূত্র ধরে দ্রুত তাদের অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ কৌশলে 'টাকা পাঠানো হবে' বলে সময়ক্ষেপণ করে এবং একপর্যায়ে খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ভবন থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই দ্রুত উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের তৎপরতার প্রশংসা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মানবকণ্ঠ/ডিআর