পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
বৃহস্পতিবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সাধারণ সচিবালয়ে ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পাবে। ওআইসি জানিয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় এবং ইসরায়েলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য করণীয় নির্ধারণে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি ইসরায়েল পশ্চিম তীরের কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করে সেখানে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের বৃহত্তর কৌশলের অংশ এবং এতে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও সংকুচিত হতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments