Image description

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে।

আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, আমদানিকারকরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বক্তব্য রেখেছেন। বাজার মনিটরিং বাড়ানো হবে।

এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। সমস্যাগুলো সামনে এসেছে। আমরা সমাধানের চেষ্টা করব।

বিপিসির স্টোরেজ সক্ষমতা কম রয়েছে। তবে অন্যান্য বেসরকারি ফ্যাসিলিটিজ যাদের রয়েছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।