Image description

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার দুর্গাপুর সফর করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সর্বোচ্চ সরকারি সেবা পাওয়ার অধিকার রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক—এই মনোভাব নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। আসুন, সবাই মিলে একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলি।”

দুর্গাপুরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত এলাকা ও পৌর শহরে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পুলিশকে আরও তৎপর হতে হবে। এছাড়া উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে দুর্গাপুরে অনার্স কোর্স চালু এবং নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী কায়সার কামাল আরও বলেন, “অতীতের ভুলত্রুটি ভুলে এখন থেকে টিমওয়ার্কের মাধ্যমে দুর্গাপুরকে দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। যারা জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া খাল, পুকুর ও সরকারি জলাশয় পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি দুর্গাপুর পৌর মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক এক সভায় মিলিত হন। সেখানে তিনি সেবাদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর