দেশের হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য বহুল প্রতিক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। ওই দিন বগুড়া সদর উপজেলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর তা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করতে চায় সরকার। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। মূলত দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। নিয়ম অনুযায়ী, প্রতি পরিবারের একজন নারী সদস্য কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডের যতগুলো পরিবার যোগ্য বলে বিবেচিত হবে, তাদের সবাইকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চার মাসব্যাপী এই কার্যক্রমের পাইলটিং বা পরীক্ষামূলক পর্যায় চলবে। এই সময়ের ফলাফল পর্যালোচনার পর পরবর্তী সময়ে সারা দেশে এই কার্যক্রমের পরিধি ও ব্যবস্থাপনা আরও সুসংহত করা হবে।
নবনির্বাচিত সরকারের এই উদ্যোগকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments