Image description

সাংবাদিকদের অবাধ স্বাধীনতা এবং ওয়েজবোর্ড অনুযায়ী বেতন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে এবং এই বিষয়টি নিশ্চিত করতে শিগগিরই গণমাধ্যমের মালিকদের সঙ্গে বৈঠক করা হবে।

শুক্রবার বরিশাল প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, "সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বাড়বে। আর এই ক্ষমতা বাড়লে তারা সত্য প্রকাশে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।" সাংবাদিকদের যেকোনো সংকট উত্তরণে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন ও জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, "আমরা এখনও আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের সঙ্গে পুরোপুরি যুক্ত হতে পারিনি। তাই গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে চাই। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।"

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও পুরোপুরি অবগত নন। তবে সৃষ্ট এই সমস্যার সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

এদিন সকালে সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনকে বিআরটিএ’র পক্ষ থেকে ২ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

মানবকণ্ঠ/আরআই