Image description

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ভুল বার্তা গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রথম আলো কার্যালয়ে এই বর্বরোচিত হামলায় আমরা সারাবিশ্বে লজ্জিত হয়েছি। এই ঘটনার মাধ্যমে বিশ্বের কাছে এমন একটি বার্তা গেছে যে, বাংলাদেশে ধর্মান্ধদের রমরমা অবস্থা। তবে আমরা এই ভুল বার্তার বিপরীতে কড়া বার্তা দেব—এমন ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা আমাদের সরকারের ইশতেহারের অংশ।"

তিনি আরও জানান, প্রথম আলো পরিবারের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। সরকার এই ঘটনার সুষ্ঠু তদন্তের দায়িত্ব নেবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। বিচারের দায়িত্ব পালন করবে বিচার বিভাগ।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, "এমন তাণ্ডব কোনো সভ্য সমাজের অংশ হতে পারে না। এই ঘটনার পর স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে আমাদের মাথা হেঁট হয়ে গেছে।"

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অস্ত্র, লাঠি ও দাহ্য পদার্থ নিয়ে হামলা চালায় একদল উগ্র মব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে এই তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা ভবনে অগ্নিসংযোগ করে এবং ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বাধা দেয়। আগুনে প্রথম আলো ভবনের ব্যাপক ক্ষতি হয় এবং ওই রাতে প্রবীণ সাংবাদিক নূরুল কবীর লাঞ্ছনার শিকার হন।

মানবকণ্ঠ/ডিআর