Image description

নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তাকে আরও সুসংহত ও মসৃণ করতে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাজারো মানুষের অকাতরে প্রাণ বিসর্জনের বিনিময়ে আজকের এই গণতন্ত্র অর্জিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, তাকে এগিয়ে নেওয়া এবং এই পথকে আরও মসৃণ করা আমাদের সবার দায়িত্ব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই পথ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। তাই এই গণতন্ত্রকে টেকসই করতে হলে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ কাজের কোনো বিকল্প নেই।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় দেশ গঠনে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

মানবকণ্ঠ/ডিআর