Image description

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। তবে এই স্থগিতাদেশ ভিজিটর বা ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, গত ২১ জানুয়ারি (২০২৬) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সে দেশের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সহায়তার ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল বা বেশি হারে সরকারি সুবিধা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে।

মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটন বা সাধারণ ভ্রমণের জন্য যারা ভিসার আবেদন করছেন, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না।

প্রভাবিত দেশগুলোর নাগরিকরা চাইলে এখনও অভিবাসী ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিয়মিতভাবে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চূড়ান্ত অভিবাসী ভিসা ইস্যু করার প্রক্রিয়া স্থগিত থাকবে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল লিঙ্ক https://ow.ly/7b6C50YnR5u যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই