Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ছবি সংবলিত সকল অভিনন্দনমূলক বিলবোর্ড, ব্যানার ও পোস্টার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় নিজের ছবি সংবলিত ব্যানার দেখে তিনি তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রুমন জানান, বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি পর্যায়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব ডিজিটাল ও এনালগ বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তা বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। এর আগে বিজয় সরণিতে একটি এলইডি বোর্ডে নিজের ছবি দেখেও তিনি একই নির্দেশ দিয়েছিলেন। মূলত আত্মপ্রচার বিমুখ প্রধানমন্ত্রী জনচক্ষুশূল হয় এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার পক্ষপাতী।

সচিবালয়ে কর্মদিবস ও কোস্টগার্ডের সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান। সেখানে কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে জলদস্যুতা রোধ, মৎস্য সম্পদ রক্ষা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন।

যানবাহনের গতি বৃদ্ধিতে সন্তোষ: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। আগে যেখানে গড় গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার, গত ১৪ দিনের পরিসংখ্যানে তা বেড়ে ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে প্রটোকল কমিয়ে সিগন্যাল অনুসরণ করায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরাও একই পথ অনুসরণ করছেন, যার ইতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের যাতায়াতে।

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি: প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে সোমবারই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর এই তাৎক্ষণিক হস্তক্ষেপে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই